স্পেনের বার্সেলোনায় অ্যাসোসিয়েশন কুলতুরাল হিন্দুর উদ্যোগে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে ।

উৎসব মুখর পরিবেশে স্পেনের বার্সেলোনায় উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। অ্যাসোসিয়েশন কুলতুরাল হিন্দুর উদ্যোগে আয়োজিত এ পূজাকে ঘিরে প্রবাসে বাঙালির ধর্মীয় বিশ্বাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক বন্ধনের এক অনন্য মিলনমেলা সৃষ্টি হয়। দীর্ঘ ২২ বছর ধরে সংগঠনটি ধারাবাহিকভাবে বার্সেলোনায় এ আয়োজন করে আসছে।
শহরের গ্রান ভিয়ার একটি তারকাখচিত হোটেলের বলরুমে পাঁচ দিনব্যাপী এ দুর্গোৎসব অনুষ্ঠিত হয়। এতে প্রবাসী বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি বিভিন্ন কমিউনিটির প্রতিনিধিরাও অংশ নেন। ষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত পূজার্চনা, প্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উদযাপিত হয় দুর্গোৎসব।
ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি আয়োজনে ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীদের পাশাপাশি বিভিন্ন শিল্পী সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। সপ্তমীর বিশেষ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় সংগীতশিল্পী অবন্তী দেব সিথি। তাঁর মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থিত দর্শনার্থীদের মধ্যে বাড়তি আনন্দ ও উৎসবের আমেজ সৃষ্টি করে।
পূজাকে কেন্দ্র করে সংগঠনের সদস্য, প্রবাসী বাঙালি ও বিভিন্ন কমিউনিটির মানুষের মধ্যে তৈরি হয় আনন্দ-উচ্ছ্বাস ও সম্প্রীতির পরিবেশ। ভিনদেশের মাটিতে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের পাশাপাশি বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ক্ষেত্রেও এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান সংশ্লিষ্টরা।
আয়োজকদের মতে, দীর্ঘ ২২ বছরের এ ধারাবাহিক আয়োজন বার্সেলোনায় বসবাসরত বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও ঐক্য সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে বিভিন্ন কমিউনিটির মানুষের অংশগ্রহণ বহুজাতিক সমাজে ধর্মীয় সম্প্রীতি ও সাংস্কৃতিক সহাবস্থানের একটি ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করেছে।
দুর্গাপূজার বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিমুল চক্রবর্তী, অসীম সেন, উত্তম শীল, প্রদীপ দেবনাথ, আশুতোষ দে, শঙ্কর দেবনাথ, সুমন সাহা, নয়ন দাস, রাজীব দাস, অমিত মোদক, সজীব সেন, পলাশ রায়, চয়ন দেবনাথ, সুমন দাস, পলাশ দেবনাথ, নিক্কন রায়, রিন্টু দেবনাথ, জয়দীপ রায়, প্রণয় সাহা ও নকুল দেবনাথসহ সংগঠনের সদস্য ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।
এ ছাড়া বার্সেলোনার বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দও দুর্গাপূজার বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন। তাঁদের উপস্থিতিতে পুরো আয়োজন আরও প্রাণবন্ত হয়ে ওঠে। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনা ও পারস্পরিক সৌহার্দ্যের মধ্য দিয়ে প্রবাসে বাঙালির ঐতিহ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে তোলে এবারের দুর্গোৎসব।
Leave a Reply