আয়ারল্যান্ডে যাত্রা শুরু করল ‘ইউরোপিয়ান বাংলাদেশী কমিউনিটি ইন আয়ারল্যান্ড’
১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন, নতুন অভিবাসীদের পাশে থাকার অঙ্গীকার।
আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং সামাজিক-সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে নতুন সংগঠন ‘ইউরোপিয়ান বাংলাদেশী কমিউনিটি ইন আয়ারল্যান্ড’ (EBCI)।
এ উপলক্ষে গত ২১ জুলাই ২০২৬ ডাবলিনের রেড কাউ হোটেলে নজরুল ইসলামের সভাপতিত্বে এবং কামরুজ্জামান (ওয়াসিম)-এর সঞ্চালনায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে সংগঠনের নাম চূড়ান্ত করা হয় এবং ১৫ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
গঠিত কমিটিতে নজরুল ইসলাম আহ্বায়ক এবং মফিজুর রহমান খোকন সদস্য সচিব নির্বাচিত হন। যুগ্ম-আহ্বায়কের দায়িত্ব পান কাবিরুল ইসলাম, সেলিম আলম ও মেহেদী হাসান।
এছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন জাবিল আহমেদ, আহমেদ ইউসুফ, জাবেদ ইকবাল, মোহাম্মদ আনিসুর রহমান, এ. কে. হাসান, আরাদ, আলমাস মল্লিক, মোস্তফা কামাল টিটু, জাবেদ মিয়া এবং সাইফুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ আরও শক্তিশালী করতে সংগঠনটি নিরলসভাবে কাজ করবে। একই সঙ্গে সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
বক্তারা আরও জানান, বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশ থেকে যারা স্থায়ীভাবে আয়ারল্যান্ডে বসবাসের উদ্দেশ্যে আসবেন, তাদের প্রয়োজনীয় তথ্য প্রদান, প্রশাসনিক বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা, কমিউনিটির সঙ্গে সংযুক্তকরণ এবং সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে সর্বাত্মক সহযোগিতা করবে ইউরোপিয়ান বাংলাদেশী কমিউনিটি ইন আয়ারল্যান্ড।
নবগঠিত এই সংগঠনটি প্রবাসী বাংলাদেশিদের অধিকার, কল্যাণ এবং পারস্পরিক সম্প্রীতি রক্ষায় একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে সভায় উপস্থিত সদস্যরা আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply